টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিমকে বিএনপি থেকে বহিষ্কার

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী, কালিহাতী উপজেলা বিএনপির উপদেষ্টা ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিমকে বিএনপির সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করার কারণে ইঞ্জি. আব্দুল হালিমকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে তাকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদসহ দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ইঞ্জিনিয়ার আব্দুল হালিম কালিহাতী উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৪ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি লুৎফর রহমান মতিনকে মনোনয়ন দেয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন এবং নির্বাচনী এলাকায় নিয়মিত প্রচারণা চালাচ্ছেন। দলের বিদ্রোহী প্রার্থী থাকায় নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত