কুমিল্লা-১০ আসনে ধানের শীষ পেলেন মোবাশ্বের আলম ভূঁইয়া

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। হাইকোর্ট তাঁর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে নির্বাচন কমিশনকে (ইসি) তা গ্রহণের নির্দেশ দেওয়ার পর সোমবার সন্ধ্যায় তাঁকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

গতকাল রবিবার মনোনয়নপত্র বাতিলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেন বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র গ্রহণ করে তাঁকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে ইসিকে নির্দেশ দেওয়া হয়।

সোমবার (২৬ জানুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, হাইকোর্টের নির্দেশনা অনলাইনে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে। আদেশের সার্টিফায়েড কপি জমা পেলে দ্রুত প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে আশা করা হচ্ছিল। পরে সন্ধ্যায় তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রস্তাবকারী ও সমর্থনকারীরা ধানের শীষ প্রতীক সংগ্রহ করেন।

তিনি আরও বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মোবাশ্বের আলম ভূঁইয়াকে কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এর আগে একই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া। যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়ন বৈধ হলেও দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে করা আপিলের পর নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র বাতিল করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট ২২ জানুয়ারি হাইকোর্ট সরাসরি খারিজ করে দিলে ইসির সিদ্ধান্ত বহাল থাকে।

অন্যদিকে মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র প্রথমে ঋণখেলাপি ও দলীয় প্রত্যয়নপত্র না থাকার কারণে বাতিল করা হয়। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলেও তা নামঞ্জুর হয়। এরপর ১৯ জানুয়ারি তিনি হাইকোর্টে রিট করেন। গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিলের দিনই বিএনপি মোবাশ্বের আলম ভূঁইয়াকে দলীয় প্রত্যয়নপত্র প্রদান করে।

এ বিষয়ে মোবাশ্বের আলম ভূঁইয়ার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ঋণ পুনঃতফসিল সংক্রান্ত প্রক্রিয়াগত জটিলতার কারণে ভুল বোঝাবুঝি হয়েছিল। প্রকৃতপক্ষে তাঁর মক্কেল ঋণখেলাপি নন। দলীয় প্রত্যয়নপত্রও পরে জমা দেওয়া হয়। এসব বিবেচনায় নিয়ে হাইকোর্ট মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন।

এদিকে গতকাল রবিবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি এলাকায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনী সমাবেশে কুমিল্লা ও চাঁদপুর অঞ্চলের ১৪ জন প্রার্থী অংশ নেন। সেখানে কুমিল্লা-১০ আসনের নতুন প্রার্থী হিসেবে বক্তব্য দেন মোবাশ্বের আলম ভূঁইয়া।

এ বিষয় সোমবার রাত ৮টায় মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, দলের বাইরে যাওয়ার কথা কখনো ভাবেননি। আল্লাহর রহমতে শেষ পর্যন্ত দল তাঁকে মনোনয়ন দিয়েছে। কুমিল্লা-১০ আসন ধানের শীষের শক্ত ঘাঁটি উল্লেখ করে তিনি বিপুল ভোটে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত