ঢাকার কেরানীগঞ্জে এক নির্বাচনী সভার মাধ্যমে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেল দিকে ঢাকা-২ আসনের তারানগর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী গণসংযোগ সভায় তারা দলবদল করেন। ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল মো. আব্দুল হক নির্বাচনী সভায় যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।
জামায়াতে ইসলামীতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মিরাজুল আলম মাশরুরসহ তিন শতাধিক নেতাকর্মী।
জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল মো. আব্দুল হক বলেন, কেরানীগঞ্জ ও সাভারের আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে আজ যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাদের সবাইকে অভিনন্দন ও মোবারকবাদ জানাই।
তিনি আরও বলেন, আমি দোয়া করি—আমরা যেন আজীবন ঐক্যবদ্ধ থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে কাজ করতে পারি।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহিম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমির ও শূরা সদস্য মাওলানা দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, আমিনুল ইসলাম বুলবুল, গালিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
