আইনশৃঙ্খলা কমিটির সভা

বন অফিসের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়ায় উদ্বেগ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:১০ এএম

গাজীপুরের কালিয়াকৈরে বন অফিসের লুণ্ঠিত ১২টি আগ্নেয়াস্ত্র ও ৮২৪ রাউন্ড গুলি প্রায় দেড় বছরেও উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র কেন উদ্ধার হচ্ছে না সে বিষয়ে সদুত্তর দিতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এতে গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত অনেকে।

এলাকাবাসী, বন বিভাগ ও আইনশৃঙ্খলা কমিটির সভা সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল হোসাইনের সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা বিষয়ক বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ফাহিম শাহরিয়ার, গাজীপুর-১ সংসদীয় এলাকায় দায়িত্বরত মেজর তানজিনা আক্তার, কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপির চেয়ারম্যানসহ কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকরা। সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন আলোচনা করেন। এর মধ্যে মাদকের বিস্তার ও বন অফিসের লুণ্ঠিত ১২টি আগ্নেয়াস্ত্র ও ৮২৪টি গুলি নিয়ে  বেশি আলোচনা হয়।

সভায় গাজীপুর-১ সংসদীয় এলাকায় দায়িত্বরত মেজর তানজিনা আক্তার জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিদিন টহলের ব্যবস্থা হচ্ছে। নির্বাচনের আগে আরও টহলের সংখ্যা বাড়ানো হবে।

কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, তিনি এ থানায় নতুন এসেছেন। এ কারণে বন অফিস থেকে ১২টি আগ্নেয়াস্ত্র ও ৮২৪ রাউন্ড গুলি লুণ্ঠনের বিষয়টি তার জানা ছিল না। এখন যেহেতু জেনেছি, সেহেতু এসব অস্ত্র উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও মাদকের বিষয়ে এ মাসে ১২টি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত