অ্যাস্টন ভিলার হোম ম্যাচের দল ঘোষণার সময় পাবলিক অ্যাড্রেস সিস্টেমে এমিলিয়ানো মার্তিনেজকে পরিচয় করিয়ে দেওয়া হয় 'বিশ্বের এক নম্বর গোলরক্ষক' হিসেবে। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এই তারকা দুই বার জিতেছেন বিশ্বসেরা গোলকিপারের স্বীকৃতি। তবুও চলতি মৌসুমে এসে যেন প্রশ্নের মুখে পড়েছেন মার্তিনেজ।
প্রিমিয়ার লিগে ভিলা রয়েছে তিন নম্বরে, ইউরোপা লিগেও শেষ ষোলো নিশ্চিত। সাফল্যের কমতি না থাকলেও গুরুত্বপূর্ণ মুহূর্তের কিছু ভুলের কারণে মার্তিনেজ সমালোনায় বিদ্ধ হয়েছেন। বিশেষ করে গত গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সম্ভাব্য ট্রান্সফার ভেস্তে যাওয়ার পর থেকে তার পারফরম্যান্সে স্পষ্ট প্রভাব পড়েছে। নিউক্যাসলের বিপক্ষে ২-০ জয়ের ম্যাচটি ছিল ভিলার হয়ে মার্তিনেজের ২০০তম প্রিমিয়ার লিগ ম্যাচ। ৫৯টি ক্লিনশিটের গৌরবময় পরিসংখ্যান থাকলেও ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক এখন ক্যারিয়ারের সন্ধিক্ষণে।
২০২০ সালে ১ কোটি ৭০ লাখ পাউন্ডে ভিলায় যোগ দেওয়া মার্তিনেজ ছিলেন ক্লাবের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়দের একজন। কিন্তু চলতি মৌসুমে অন্তত তিনটি দৃষ্টিকটু ভুল করে গোল হজম করেছেন। এই ঘটনায় তার আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন উঠেছে। অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে মোহাম্মদ সালাহকে উপহার দেওয়া গোল কিংবা আর্সেনালের বিপক্ষে কর্নার থেকে বল হাতছাড়া করে গোল হজম বারবার আলোচনায় এসেছে।
মার্তিনেজের পরিসংখ্যান অবশ্য পুরোপুরি নেতিবাচক নয়। তিনি এ মৌসুমে প্রতিপক্ষের ৭৬.১ শতাংশ শট ঠেকিয়েছেন, যা লিগে সর্বোচ্চ। ‘গোলস প্রিভেন্টেড’ তালিকায়ও শীর্ষ পাঁচে আছেন। তবুও গুরুত্বপূর্ণ সময়ে ভুলগুলোই ভিলার শিরোপা স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। চোটের কারণে সম্প্রতি ফেনারবাচের বিপক্ষে ইউরোপা লিগ ম্যাচ মিস করেন মার্তিনেজ। তার বদলি মার্কো বিজো সেই ম্যাচে ক্লিনশিট রাখেন। যদিও ৩৪ বছর বয়সী বিজোকে দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে দেখছে না ভিলা।
২০২৯ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ মার্তিনেজকে ঘিরে ইতোমধ্যে ইন্টার মিলানের আগ্রহের খবর শোনা যাচ্ছে। ক্লাবও গ্রীষ্মে তার ভবিষ্যৎ নিয়ে মূল্যায়নে বসতে পারে বলে ইঙ্গিত মিলছে। সাবেক ইংল্যান্ড গোলরক্ষক পল রবিনসনের ভাষায়, 'গোলকিপিং আত্মবিশ্বাসের জায়গা। ভেতরে আপনি যতই অস্থির থাকুন, মাঠে সেটা দেখানো যায় না। মার্তিনেজ হয়তো এখন সেই মানসিক লড়াইয়ের মধ্য দিয়েই যাচ্ছেন।'
ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিক্রি হলো ৩ কোটি ৮৮ লাখে
হ্যারি কেইনের সঙ্গে চুক্তি নবায়নের উদ্যোগ বায়ার্নের