হ্যারি কেইনের সঙ্গে চুক্তি নবায়নের উদ্যোগ বায়ার্নের

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ তাদের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৩ সালের আগস্টে টটেনহ্যাম হটস্পার থেকে চার বছরের চুক্তিতে প্রায় ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে বায়ার্নে যোগ দেন ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক কেইন। বুন্দেসলিগায় এসে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দ্রুতই ক্লাবের অন্যতম প্রধান ভরসায় পরিণত হয়েছেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বায়ার্নের হয়ে এখন পর্যন্ত ১২৬ ম্যাচে ১১৯ গোলের পাশাপাশি ৩০টি অ্যাসিস্ট করেছেন কেইন। তার নেতৃত্বেই ২০২৪-২৫ মৌসুমে বুন্দেসলিগা শিরোপা জিতে পেশাদার ক্যারিয়ারের প্রথম বড় ট্রফির স্বাদ পান তিনি। ফ্রাঙ্কফুর্টে এক বুন্দেসলিগা অনুষ্ঠানে ম্যাক্স এবার্ল বলেন, 'আমরা হ্যারির সঙ্গে কথা বলছি। সবাই জানে, কোনো এক সময় সিদ্ধান্ত নিতেই হবে।'

চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন কেইন। ভিনসেন্ট কোম্পানির অধীনে তিনি এখন পর্যন্ত ৩০ ম্যাচে ৩৪ গোল করেছেন। এর মধ্যে ১৯টি বুন্দেসলিগা ম্যাচে করেছেন ২১ গোল। এক মৌসুমে সর্বোচ্চ ৪১ গোলের রবার্ট লেভানডোভস্কির রেকর্ড ভাঙার দিকে এগিয়ে যাচ্ছেন। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগেও বায়ার্নকে শক্ত অবস্থানে রাখতে বড় ভূমিকা রেখেছেন কেইন। গ্রুপ পর্বে এক ম্যাচ বাকি থাকতেই তারা রয়েছে টেবিলের দ্বিতীয় স্থানে।

এর আগে গত অক্টোবরে কেইন নিজেই জানিয়েছিলেন, বায়ার্নে থাকার বিষয়টি তিনি ইতিবাচকভাবেই দেখছেন এবং প্রিমিয়ার লিগে ফেরার আগ্রহ আগের তুলনায় কমেছে। বায়ার্নের প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন বলেন, 'হ্যারি আমাদের ওপর আস্থা রাখে এবং মিউনিখে সে ও তার পরিবার স্বাচ্ছন্দ্যে আছে। তাই তাড়াহুড়ার কোনো কারণ নেই।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত