কুমিল্লা কারাগারের সীমানা প্রাচীর নির্মাণ বন্ধের দাবি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নির্মাণের কাজ বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কারাগারের দক্ষিণ-পূর্ব পাশে ফুলের বাগান নষ্ট করে এবং জনগণের চলাচলের সড়ক সংকীর্ণ করে নতুন সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে—এমন অভিযোগে এই কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সচেতন নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। 

এতে বিএনপি ও এর সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা অংশ নেন। পাশাপাশি বিশিষ্ট নাট্যগুরু শাহজাহান চৌধুরী ও নাট্যশিল্পী বশির উল আনোয়ার মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। তিনি বলেন, ‘আগামী ৭২ ঘণ্টার মধ্যে নির্মাণসামগ্রী সরিয়ে নিয়ে অবিলম্বে এই কাজ বন্ধ করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘ব্রিটিশ আমলের ঐতিহাসিক গ্র্যান্ড ট্যাংক সড়ক সংকুচিত করে কোনোভাবেই সীমানা প্রাচীর নির্মাণ করা যাবে না।’

এ সময় আরও বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু এবং কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বিল্লাল।

বক্তারা বলেন, জনস্বার্থবিরোধী এই নির্মাণকাজ অবিলম্বে বন্ধ না করা হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত