কাজাখস্তানকে হারাল ছেলেমেয়েরা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ এএম

জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ দিন কেটেছে ছেলে ও মেয়েদের। কাজাখস্তানকে হারিয়ে প্রথম জয় পেয়েছে ছেলেরা। আর একই প্রতিপক্ষকে হারিয়ে হ্যাটট্রিক জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে মেয়েদের।

বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রাখল বাংলাদেশ : প্রথম দুই ম্যাচে হারের পর চীনের মোকিতে গতকাল কাজাখস্তানকে হারিয়ে ৪-২ গোলের জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমণে কাজাখস্থানের রক্ষণভাগকে চাপে রাখে তারা। বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন শিমুল ইসলাম, মেহেদী হাসান অভি, তৈয়ব আলী ও মুন্না ইসলাম।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত মেয়েদের : টুর্নামেন্টের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে পরাজিত করেছিল বাংলাদেশ। এবার কাজাখস্তানের বিপক্ষেও ৪-০ গোলের দাপুটে পারফরম্যান্স দেখিয়ে অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রাখল তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় লাল-সবুজের দল। এরপর দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে আর কোনো গোল না হলেও রক্ষণ সামলে এগিয়ে থাকে বাংলাদেশ। শেষ কোয়ার্টারে আরও দুইবার কাজাখস্তানের জালে বল পাঠিয়ে বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ। দলের হয়ে জোড়া গোল করেছেন রিমন। একটি করে গোল করেছেন লিজা ও লিমা।

সর্বশেষ সর্বাধিক পঠিত