বগুড়ায় বর্ণিল আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতেই প্রতিষ্ঠানটির উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
পিঠা উৎসবকে ঘিরে মেলায় ১৩টি স্টলে সাজানো হয় হরেক রকমের ঐতিহ্যবাহী পিঠা। দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উৎসবে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, দুধ চিতই, পুলিপিঠা, তেলপিঠা, কুশলি পিঠা, তারা পিঠা, জামাই পিঠা, রস পিঠা, খেজুর পিঠা, মাংস পিঠা, মাছপিঠা, বকুল পিঠা সহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রতিষ্ঠান প্রাঙ্গণ আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে। বিকেলে পিঠা উৎসবে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসবে কথা হয় সিধু, স্নেহা, বিজয়া, সোহানা, স্নেহা, রিদা সহ বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে। তারা বলেন, আমাদের বিদ্যালয়ে ভিন্ন আয়োজন হয়। শীতের পিঠা এই আয়োজন সত্যি অভূতপূর্ব। আমরা খুব মজার মজার পিঠা খেয়েছি। বাঙালীরা নানা ধরনের পিঠা পছন্দ করে। যা এই উৎসবে আমরা আরও ভালভাবে জানতে পেরেছি।
পিঠা উৎসবের বিষয়ে প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত বলেন, পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পায়। এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
