ঈশ্বরগঞ্জ

মহাসড়কের পাশে গাছের গুঁড়ি সরাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:৪২ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে রাখা গাছের গুঁড়ি সরাতে করাতকল মালিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে শেষ হবে যৌথবাহিনীর বেধে দেওয়া ২৪ ঘণ্টার সময়। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে  ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে গড়ে ওঠা বিভিন্ন করাতকল মালিকদের এ নির্দেশনা দেন যৌথবাহিনীর দলটি। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে যোগাযোগ ব্যবস্থায় যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সে লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। করাতকল মালিকদের সতর্কতাকালে উপস্থিত ছিলেন ইলেকটোরাল ইনকোয়্যারি কমিটি, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম, তদন্ত ওসি প্রজিত কুমার দাস ও সেনাবাহিনীর একটি দল।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, 'আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যোগাযোগব্যবস্থা সচল রাখতে মহাসড়কের পাশ থেকে গাছের গুঁড়ি সরিয়ে নিতে করাতকল মালিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। যদি ২৪ ঘণ্টার মধ্যে মহাসড়কের পাশ থেকে গাছের গুঁড়ি সরানো না হয় তাহলে বিধি মোতাবেক কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত