লালমনিরহাটে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য যাতে দেশের ভেতরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট বিওপির নিকটবর্তী মুনিয়ারচর ফলিমারি এলাকায় অভিযান চালায় বিজিবির একটি বিশেষ টহল দল।

অভিযানকালে পলিথিনে মোড়ানো অবস্থায় মালিকবিহীন একটি ইউএসএ তৈরি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমনিরহাট সদর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট ব্যাটালিয়নের আওতাধীন তিনটি সংসদীয় আসনের পাঁচটি উপজেলায় মোট ১৯ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত