সাংবাদিককে হুমকি, ছাত্রদল নেতার বিরুদ্ধে চবিতে মানববন্ধন 

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম

আবাসিক হলে অবৈধভাবে সিট দখলের সংবাদ প্রকাশ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিককে মারার হুমকি দিয়েছেন শাখা ছাত্রদলের একজন নেতা। তিনি শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সিফাতুল ইসলাম। এই ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ‘চিটাগং ইউনিভার্সিটি এরাবিক ডিবেটিং ক্লাব’।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মানববন্ধন করা হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

গত সোমবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে সাংবাদিককে মুঠোফোনে মারার হুমকি দেয় ছাত্রদল নেতা সিফাতুল ইসলাম। চবির শহীদ ফরহাদ হোসেন হলে অবৈধভাবে সিট দখল ও মাদক সংশ্লিষ্টতার সংবাদ প্রকাশ করায় পাহাড়ে নিয়ে গিয়ে মারার হুমকি দেন তিনি। ভুক্তভোগী সাংবাদিকের নাম এম. মিজানুর রহমান। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজ–এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্য।

সংহতি জানিয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির ক্যাম্পাস প্রতিনিধি মাহফুজ শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ক্যাম্পাস প্রতিনিধি রেফায়েত উল্যাহ রুপক, সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ক্যাম্পাস প্রতিনিধি রেদ্ওয়ান আহমদ।

মানববন্ধনে "শিক্ষা না মাদক, শিক্ষা শিক্ষা," "অবৈধ হল দখল, চলবে না চলবে না," "মাদকের ঠিকানা, এ ক্যাম্পাসে হবেনা," "আমার ভাইকে হুমকি কেন, প্রশাসন জবাব চাই," "খুনী লীগের সংস্কৃতি ফিরতে দেয়া হবেনা,” বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন চবি এরাবিক ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক এএইসএম রিয়াদ। তিনি বলেন, শহীদ ফরহাদের ক্যাম্পাসে কোনও সন্ত্রাসীকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। যেখানে সন্ত্রাসীরা পূর্বে সংস্কৃতিতে ফিরে যেতে চাইবে সেখানে আমাদের অবরোধ আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

এ সময় চবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহফুজ শুভ্র বলেন, জুলাই আন্দোলন পরবর্তী সময়ে ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার হুমকির প্রতিবাদে রাস্তায় নামতে হবে এটা আসলে লজ্জাজনক। ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার ওপর যারা হস্তক্ষেপ করতে চায় এটা তাদের রাজনৈতিক দেউলিয়াতের বহিঃপ্রকাশ। আমরা স্বাধীন ক্যাম্পাসে শেষে ভাত কায়েম হতে দেব না।

সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রেফায়েত উল্যাহ রুপক বলেন, যারা পূর্বের ন্যায় চর দখলের মতো করে ক্যাম্পাস দখলে নিয়ে একনায়কতন্ত্র কায়েম করতে চাইবে তাদের ছাত্রলীগের পরিণতি ভোগ করতে হবে। সাধারণ শিক্ষার্থীরা তাদের লাল কার্ড দেখিয়ে দেবে। জুলাই বিপ্লবের পরে ক্যাম্পাসের শিক্ষার্থীরা আর কারও দখলদারিত্ব মেনে নেবে ন। সাংবাদিকদের ওপরে যদি আর কোনও হুমিক, আর কোনও আঘাত আসে তবে আমরা তার দাঁতভাঙা জবাব দেব।

মানববন্ধনে চবি সাংবাদিক সমিতির সদস্য রেদোয়ান আহমদ বলেন, যারা এখনও পর্যন্ত সরকারে যেতে পারেনি, ক্ষমতায় যেতে পারেনি অথচ তারা ফ্যাসিবাদী আচারণ করা শুরু করেছে। তারা কিন্তু এই ক্যাম্পাসে একদিন মজলুম ছিল। দেশের ক্যাম্পাসগুলোতে ফ্যাসিবাদের উত্থান এভাবেই ঘটে। এই ক্যাম্পাসে আমরা কোনও দলকেই আর ফ্যাসিবাদী হয়ে উঠতে দেব না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত