পাকিস্তানের টি–টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা বাবর আজামকে ঘিরে অতিরিক্ত প্রশ্ন ও আলোচনায় প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি–টোয়েন্টি সিরিজের আগে প্রাক্-সিরিজ সংবাদ সম্মেলনে বাবরের ফর্ম নিয়ে বারবার প্রশ্ন আসায় স্পষ্টতই ক্ষোভ ঝরেছে অধিনায়কের কণ্ঠে।
এশিয়া কাপের দলে জায়গা না পাওয়া বাবর আজাম আবারও পাকিস্তানের টি–টোয়েন্টি দলে ফিরেছেন। অস্ট্রেলিয়া সিরিজের পাশাপাশি আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের দলেও তার নাম রয়েছে। তবে বিগ ব্যাশ লিগে (বিবিএল) সিডনি সিক্সার্সের হয়ে তুলনামূলকভাবে ম্লান পারফরম্যান্সের পর আবারও তাকে ঘিরে আলোচনা তুঙ্গে।
সংবাদ সম্মেলনে সালমান আলী আগা বলেন, “আমি চাই কোনো একদিন এমন একটি প্রেস কনফারেন্সে আসতে, যেখানে আমাকে বাবর আজামকে নিয়ে প্রশ্ন করা হবে না। দলে আরও ১৪ জন খেলোয়াড় আছে, ব্যাটসম্যানও আছে—তাদের নিয়েও ভাবুন, তাদের নিয়েও কথা বলুন। বাবরকে নিজের মতো থাকতে দিন এবং ব্যাটিংয়ে মনোযোগ দিতে দিন।”
বিবিএল ১৫ আসরে বাবর আজাম ১১ ম্যাচে করেন ২০২ রান। তার গড় ছিল ২২.৪৪, স্ট্রাইক রেট ১০৩.০৬—যা প্রত্যাশার তুলনায় কম হওয়ায় সমালোচনা বেড়েছে। একই সঙ্গে আলোচনায় আসে একটি ম্যাচে সতীর্থ স্টিভ স্মিথের সিদ্ধান্ত, যেখানে পাওয়ার সার্জের সময় স্ট্রাইক ধরে রাখতে বাবরকে সিঙ্গেল নিতে দেননি অস্ট্রেলিয়ান তারকা; এতে বাবরকে কিছুটা বিরক্ত দেখায়।
তবে এসব সমালোচনার মাঝেও বাবরের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন সালমান আলী আগা। তিনি স্পষ্ট করে জানান, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পারফরম্যান্স নিয়ে টিম ম্যানেজমেন্ট চিন্তিত নয়। পাকিস্তানের হয়ে বাবরের ধারাবাহিক অবদানই তাদের কাছে মূল বিবেচ্য।
সালমান বলেন, “আমি মানি, বিবিএলে বাবর প্রত্যাশামতো খেলতে পারেনি। কিন্তু আমাদের জন্য সে সবসময়ই প্রমাণিত পারফরমার। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে পাকিস্তানের হয়ে কেমন খেলছে। বিবিএলে সে কী করল, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।”
অধিনায়কের এই বক্তব্যে স্পষ্ট—একজন খেলোয়াড়কে ঘিরে অতিরিক্ত আলোচনার বদলে পুরো দলকে গুরুত্ব দেওয়ার পক্ষে পাকিস্তান শিবির।
এবারো সাবিনাদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস