৫০তম বিসিএসের প্রিলিমিনারি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ এএম

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। গতকাল বুধবার বিসিএসের চার প্রার্থীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুস সাকিব। এতে জনপ্রশাসন সচিব, পিএসসির চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়েছে। প্রসঙ্গত, আগামীকাল ৩০ জানুয়ারি এ পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এবারের বিসিএসে ২ লাখ ৯০ হাজার ৯৫১ চাকরিপ্রত্যাশীর আবেদন জমা পড়েছে।

অ্যাডভোকেট নাজমুস সাকিব দেশ রূপান্তরকে বলেন, গতকাল তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে আবেদনটি উপস্থাপন করেছিলেন। আদালত আজ বৃহস্পতিবার শুনানির জন্য ধার্য করেছে। রিট আবেদনের যুক্তিতে তিনি বলেন, ‘সারা দেশে এখন নির্বাচনী প্রচার চলছে। আর নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। আটটি বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ার কথা। কিন্তু আটটি শহরেই বিভিন্ন রজনৈতিক দলের নির্বাচনী সমাবেশ হচ্ছে। অনেক জায়গায় মারামারিসহ অনাকাক্সিক্ষত ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীরা কীভাবে পরীক্ষা দেবেন?’ তিনি আরও বলেন, ‘সরকারি অনেক কর্মচারী আছেন যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন। আবার তারা বিসিএস পরীক্ষাও দেবেন। কিন্তু তারা নির্বাচন সামনে রেখে ছুটি পাবেন না। এসব বিবেচনায় পরীক্ষা পেছানোর দাবিতে এই আবেদনটি করা হয়েছে।’

রিটকারীদের আইনজীবী জানান, নির্বাচনকালীন সব পরীক্ষা স্থগিতের দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান বরাবর গত ২০ জানুয়ারি ৫০তম চাকরিপ্রার্থীদের কয়েকজন একটি স্মারকলিপি দিয়েছিলেন। কিন্তু পিএসসি সাড়া না দেওয়ায় তারা হাইকোর্টে রিট আবেদন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত