ফরিদপুর 

থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজ উদ্ধার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম

ফরিদপুরের কোতোয়ালী থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ উদ্ধার করেছে র‌্যাব। এর মধ্যে তিনটি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ ও ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ সদৃশ বস্তু রয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১০।

এতে বলা হয়, গোপন খবর পেয়ে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের বিএডিসি অফিসের দক্ষিণ পাশের প্রাচীরের বাইরের অংশে অভিযান চালিয়ে রাস্তার পাশের ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে উদ্ধার হওয়া গ্রেনেড ও কার্তুজগুলো ফরিদপুর কোতয়ালী থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র ও গোলাবারুদের অংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট  ‘জুলাই গণঅভ্যুত্থান’কে কেন্দ্র করে একদল দুষ্কৃতিকারী দেশের বিভিন্ন থানায় একযোগে হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে নেয়। পরবর্তীতে এসব অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ায় সারা দেশে জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা লুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপরতা জোরদার করার নির্দেশনা দেন। ওই নির্দেশনার পর থেকেই র‌্যাব সক্রিয় ও দক্ষতার সঙ্গে মাঠে কাজ করছে। তারই অংশ হিসেবে এই অস্ত্র ও গুলাবারুদ উদ্ধার করা হয়।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত