বৃষ্টি নেই, তবুও পানির নিচে গৌরীপুর ইউনিয়ন পরিষদ সড়ক

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:০৯ পিএম

মেঘ-বৃষ্টি কিছুই নেই, অথচ পানিতে তলিয়ে গেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়ক। গোড়ালি পর্যন্ত জমে থাকা পানিতে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এই নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও শিক্ষার্থীদের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

সরেজমিনে আজ (২৯ ডিসেম্বর) গৌরীপুর-হোমনা সড়কের সঙ্গে সংযুক্ত গৌরীপুর ইউনিয়ন পরিষদের সড়কে গিয়ে এ চিত্র দেখা যায়। ভুক্তভোগীরা জানান, গত কয়েক বছর ধরেই বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তবে সাম্প্রতিক সময়ে বৃষ্টি না থাকলেও সড়কের মুখে পানি জমে থাকছে। 

ব্যস্ত এই সড়কটির দুই পাশে হাসপাতাল, মাদরাসা, বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। জলাবদ্ধতার কারণে মাদরাসা ও বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির দুপাশে উঁচু উঁচু ভবন নির্মাণ করা হলেও পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনের ব্যবস্থা রাখা হয়নি। পরে কিছু ভবন থেকে পিভিসি পাইপের মাধ্যমে পানি নিষ্কাশনের চেষ্টা করা হলেও সেগুলো ফেটে গিয়ে ভবনের ময়লা পানি সরাসরি সড়কে পড়ছে। এতে ধীরে ধীরে পানি জমে গিয়ে গোড়ালি সমান জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

সড়কের পাশের এমআরএস প্রিন্টিং হাউজের মালিক মাসউদুর রহমান সুমন বলেন, ‘বৃষ্টির সময় তো জলাবদ্ধতা হতোই, এখন বৃষ্টি না থাকলেও পানি জমে থাকছে। এতে আমাদের ব্যবসা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নির্বাচনী মৌসুম চললেও জলাবদ্ধতার কারণে প্রেসে কাস্টমার পাচ্ছি না। কয়েকদিন আগে পানি এড়িয়ে মোটরসাইকেল দূরে রেখে আসায় সেটি চুরি হয়ে যায়। সব মিলিয়ে আমরা অসহায়।’

গৌরীপুর বিলকিস মোশারফ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুর রহমান বলেন, ‘হোমনা সড়ক থেকে বিদ্যালয়ে আসার দুইটি সড়কই জলাবদ্ধ। সড়কের পাশে গড়ে ওঠা উঁচু ভবনগুলোর মালিকরা ড্রেন না রেখে সরকারি জায়গা দখল করে নির্মাণ করেছে। এসব ভবনের ময়লা পানি সড়কের ওপর এসে পড়ে। দুর্গন্ধে অনেক সময় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যায়।’

গৌরীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়শা আক্তার বলেন, ‘জলাবদ্ধতার বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েকজন অভিযোগ করেছেন। কেউ কেউ রাস্তা কেটে পাইপ বসানোর অনুমতি চাচ্ছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাছরীন আক্তার বলেন, গৌরীপুরে জলাবদ্ধতা নিরসনে কয়েকটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। তবে ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের জলাবদ্ধতার বিষয়টি জানা ছিল না। খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত