বহিষ্কার হওয়ায় নিজেই করলেন মিষ্টি বিতরণ!

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩৬ পিএম

দল থেকে বহিষ্কার হওয়ায় মুন্সীগঞ্জের শ্রীনগরে নিজ উদ্যোগে মিষ্টি বিতরণ করেছেন তাজুল ইসলাম নামে এক বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলার শ্রীনগর উপজেলার শ্রীনগর বাজার ও ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এ মিষ্টি বিতরণ করেন তিনি।

তাজুল ইসলাম মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি শ্রীনগর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক-কর্মচারী এবং ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় চলাচলকারী পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, দল থেকে বহিষ্কারের প্রতিবাদ হিসেবেই তিনি এ মিষ্টি বিতরণ করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকের মন্তব্য, বহিষ্কারের ঘটনাকে তিনি ব্যতিক্রমী ও অভিনব উপায়ে উদযাপন করেছেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদীখান) আসনের বিএনপি ও মহিলা দলের মোট ৮ নেতাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতদের মধ্যে তাজুল ইসলাম ছাড়াও রয়েছেন জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বীনা, সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ এবং কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত