নতুন ফিচারে আজ চালু ই-ভ্যাট সেবা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:১৮ এএম

সেবার মানোন্নয়নে সাময়িক বন্ধ রাখার পর ই-ভ্যাট সেবা নতুন ফিচার নিয়ে আজ শুক্রবার রাত আটটায় চালু হচ্ছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক চিঠিতে এই তথ্য জানিয়েছে।

এনবিআরের চিঠিতে বলা হয়, ফাংশনগুলোর আপগ্রেডেশন-সংক্রান্ত কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে গতকাল দুপুর ২টা থেকে আজ শুক্রবার রাত ৮টা পর্যন্ত ই-ভ্যাট সিস্টেমের সব অপারেশন সার্ভিস বন্ধ থাকবে। ওই সময়ের পর পুনরায় ই-ভ্যাট সিস্টেমের সব অপারেশন সার্ভিস যথারীতি চালু থাকবে।

এনবিআর জানায়, ভ্যাট ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সহজ ও কার্যকর করতে ই-ভ্যাট সিস্টেমে একাধিক নতুন ফিচার ও ফাংশন সংযোজন এবং বিদ্যমান মডিউলসমূহের উন্নয়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে নতুনভাবে ডেভেলপ করা হচ্ছে।

মূসক ৬.১০ ফর্মে একাধিক পরিবর্তন আনা হয়েছে। এতে সেমি-অ্যানুয়াল রিটার্ন ফর্ম নির্বাচন, সাব-ফর্মে এক্সেল ফাইলের মাধ্যমে ডাটা আপলোড এবং ক্রয়সংক্রান্ত সাব-ফর্মে নির্ধারিত কর মেয়াদের সর্বোচ্চ পাঁচ মাস আগের তারিখ ইনপুট দেওয়ার সুবিধা যুক্ত করা হয়েছে।

এ ছাড়া ওবি ডাটা এন্ট্রি ফাংশনালিটিতে এক্সেল ফাইল ব্যবহার করে ডাটা আপলোডের সুযোগ রাখা হয়েছে এবং অনুমোদন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। সফলভাবে ডাটা সাবমিশন বা আপলোড হলে স্বয়ংক্রিয়ভাবে একটি কেস আইডি তৈরি হবে।

আপগ্রেডেশনের আওতায় মাস্টার ডাটা লিস্ট ফাংশনালিটিতেও পরিবর্তন আনা হয়েছে, যেখানে ‘ফুল ভ্যাট অফিস নেইম’ নামে একটি নতুন ফিল্ড যুক্ত করা হয়েছে, যেন সংশ্লিষ্ট ভ্যাট অফিসের পূর্ণাঙ্গ তথ্য লোড করা যায়।

এদিকে মূসক ৯.১ ও মূসক ৯.২ এমসিএফ-এর ক্ষেত্রেও হালনাগাদ আনা হয়েছে। ডকুমেন্ট তালিকায় ‘অন্যান্য তথ্যাদি’ যুক্ত করা হয়েছে, যা নির্দিষ্ট ক্ষেত্রে বাধ্যতামূলক হবে। পাশাপাশি ই-মেল ও নোটিফিকেশন পাঠানোর সময় ব্যবহারকারীর আইডির সঙ্গে সংশ্লিষ্ট ডিডিওর ভূমিকা যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত