যশোরের ঝিকরগাছায় হত্যা করে শামীম পারভেজ (২২) নামের এক ব্যক্তির ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩০ জানুয়ারি) উপজেলার আঙ্গারপাড়া গ্রামের একটি কলার ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ভাড়ায় চালিত ভ্যানটির চালক ছিলেন। ঝিকরগাছা থানার ওসি মো. শাহ জালাল আলম এ তথ্য নিশ্চিত করেন।
নিহত ভ্যানচালক শামীম পারভেজ ঝিকরগাছা কীর্তিপুর গ্রামের হাওয়ার মোড়ের জন্মান্ধ ভিক্ষুক মো. হায়াতউল্লাহর ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সন্ধ্যায় ভাড়ায় চালিত ভ্যানটি নিয়ে জীবিকার উদ্দেশে বের হন পারভেজ। পরে আঙ্গারপাড়া গ্রামে কলার ক্ষেতে শ্বাসরোধ করে তাকে হত্যার পর ব্যাটারি চালিত ভ্যান নিয়ে চলে যায় দুর্বত্তরা। শুক্রবার গ্রামের লোকজন মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়।
কৃষ্ণনগর গ্রামের রিয়াজ মোরশেদ বলেন, নিহত শামীম পারভেজ একটি ভাড়া করা মোটরভ্যান চালাতো। তার বাবা জন্মান্ধ ভিক্ষুক। বৃহস্পতিবার বিকেলে সে অন্যদিনের মতো ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। তবে রাত আটটার দিকে সে শ্রীরামপুর বাজার থেকে ভ্যানটি মেরামত করে। এরপর থেকে নিখোঁজ ছিল।
ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় পরণের লুঙ্গি ও তার দিয়ে শ্বাসরোধ অবস্থায় মরদেহ উদ্ধার করে। দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ওসি মো. শাহ জালাল আলম বলেন, প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। ভ্যানটি লুট করার জন্যই তাকে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি।
