চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রধান সড়কের সাধনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহমিনা আক্তার (২০) সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লটমনি এলাকার নতুন বাড়ির বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহমিনা আক্তার তার ভাইয়ের মোটরসাইকেলে করে পুরাতন বাড়ি থেকে নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে প্রধান সড়কে ওঠার পর এস আলম পরিবহনের একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান। এ সময় গাড়িটির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় গ্রাম পুলিশ বশির আহমদ বলেন, শুক্রবার রাতে নিজেদের নতুন বাড়ি সাধনপুরের লটমনি এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। বাঁশখালীর প্রধান সড়কের সাধনপুর ইউনিয়নের সাহেবের হাটের দক্ষিণে চারা বটতলা এলাকায় এস আলম পরিবহনের (চট্টগ্রাম মেট্রো ব ১৫০৮৪৪) একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার প্রাণ যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বাঁশখালী থানার রামদাশহাট পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক তপন কুমার বাকচী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে।
এদিকে একই দিন বাঁশখালীর প্রধান সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। কালীপুরের ঋষিধামে ঋষিকুম্ভমেলায় হাজার হাজার ভক্ত-অনুরাগীর আগমন এবং কুতুবদিয়ার হযরত আবদুল মালেক (শাহঃ) মাজারের ওরশ উপলক্ষে বাঁশখালী সড়ক হয়ে যাতায়াত বাড়ায় সারা দিনজুড়ে সড়কটিতে চাপ বেড়ে যায়। ফলে শুক্রবার পুরো দিন সড়ক ব্যবহারকারীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
উন্নয়ন বনাম মূল্যহীন জীবন
প্রচলিত শাসনে দেশে ইনসাফ প্রতিষ্ঠাতা করা অবাস্তব: সৈয়দ রেজাউল করিম