সিকিমে তুষারের ‘মৃত্যুফাঁদে’ আটকে পড়া ২৮ পর্যটককে উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত ২৮ জানুয়ারি হঠাৎ তুষারপাতের জেরে উত্তর সিকিমের লাচুং জেলার উঁচু এলাকায় ‘ব্ল্যাক আইস’ হিসেবে পরিচিত এক মরণফাঁদে আটকে পড়েছিলেন তারা। উদ্ধার অভিযান চালিয়েছে সেনাবাহিনী, সিকিম পুলিশ এবং লাচুং হোটেল অ্যাসোসিয়েশনের কর্মীদের যৌথ দল। উদ্ধার এই পর্যটকদের মধ্যে ২০ জন পুরুষ, বাকি ৮ জন নারী ও শিশু। সেখান থেকে তাদের স্থানীয় আর্মি রেসকিউ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
ক্যাম্পে সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যটকদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়। গত বৃহস্পতিবার তাদের রাজধানী গ্যাংটকে ফেরানোর ব্যবস্থা করা হয়। উদ্ধার পর্যটকদের স্বাস্থ্যের অবস্থা স্বাভাবিক আছে বলে জানিয়েছে সেনাবাহিনী। লাচুং জোমসা হোটেল অ্যাসোসিয়েশনের প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, আবহাওয়া খারাপ থাকায় পর্যটক এবং গাড়ি চালকদের যত তাড়াতাড়ি সম্ভব জিরো পয়েন্ট থেকে নেমে যেতে বলা হয়েছে।
