ফেনী-৩ আসনের জামায়াত প্রার্থী মানিক

আমরা কোথাও জান্নাতের টিকেট বিক্রি করছি না

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম

আমরা কোথাও জান্নাতের টিকেট বিক্রি করছি না বলে মন্তব্য করেছেন ফেনী-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ফখরুদ্দিন মানিক।

তিনি বলেন, প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালায় সেটা আচরণবিধি লঙ্গন। আমাদের সম্পর্কে বলা হচ্ছে আমরা জান্নাতের টিকেট বিক্রি করি আস্তাগফিরুল্লা,আমরা শত শত মিটিং করেছি একটা ফুটেজ দেখান যেখানে আমরা জান্নাতের টিকেট বিক্রির কথা বলেছি। আমরা কোথাও জান্নাতের টিকেট বিক্রি করছি না ।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সোনাগাজী পৌর শহরের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমনটা দাবি করেছেন ফেনী-৩ আসনের জামায়াত প্রার্থী।

সাংবাদিকদের উদ্দেশে ফখরুদ্দিন মানিক বলেন, আপনারা জাতির বিবেক। আপনাদের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জাতি প্রত্যাশা করে। সব ভয়-ভীতি উপেক্ষা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সত্য সংবাদ জাতির সামনে তুলে ধরবেন। প্রতি মুহূর্তে এটাই জাতির প্রত্যাশা।

তিনি বলেন, ৫ আগস্ট আমাদের যে ভাইয়েরা জীবন দিয়েছে পরিবর্তনের জন্য, আমরা সে পরিবর্তন ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জয়যুক্ত করে দেশে রাজনীতি ও সংস্কৃতির ক্ষেত্রে আমূল পরিবর্তন আনব। নির্ভয়ে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। ভয়-ভীতির যে ফ্যাসিজম আমাদের সমাজ ব্যবস্থায় কায়েম ছিল, সেটি ৫ আগস্ট স্বৈরশাসককে পালিয়ে যেতে বাধ্য করার মধ্য দিয়ে শেষ হয়ে গেছে। নতুন বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিজম দেখতে চাই না।

সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, সোনাগাজী উপজেলার নির্বাচনী সমন্বয়ক ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক মানিক, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ এনামুল হক মুসা, খেলাফতে মজলিসের সোনাগাজী উপজেলা আমির সভাপতি মাওলানা আব্দুর রহমান, এনসিপির সোনাগাজী উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, এবি পার্টির সোনাগাজী উপজেলা সদস্যসচিব ওয়াসিউর রহমান খসরু, সোনাগাজী পৌর জামায়াতের আমির মাওলানা কালিমুল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাস্টার এসএম বদরুদ্দোজা, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত