ইসির ওয়েবসাইটে দেখা গেল সাংবাদিকদের ব্যক্তিগত তথ্য!

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪০ এএম

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদান প্রক্রিয়ায় পরিবর্তন এনেছিল নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়। তবে সাংবাদিকদের আপত্তির মুখে এই সিদ্ধান্ত থেকে সরে আসে ইসি। যদিও সিদ্ধান্ত প্রত্যাহারের আগেই নির্বাচন-সংক্রান্ত খবর কাভার করার জন্য প্রায় ১৪ হাজার সাংবাদিক অনলাইনে আবেদন করেছিলেন।

এদিকে গতকাল শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইটে হোমপেজে ভেসে ওঠে ১৪ হাজার আবেদনকারীর তালিকা। এতে সাংবাদিকদের নামের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, মোবাইল নম্বর এবং সম্পূর্ণ আবেদনপত্র দেখার অপশন উন্মুক্ত ছিল।

এ বিষয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক দেশ রূপান্তরকে বলেন, ‘ইসি গত বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে মিটিং করার পর আমরা সাংবাদিকদের আবেদন প্রক্রিয়া বন্ধ করে দিয়েছি। পর্যবেক্ষকদের বিষয়টি আজকে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছিল আইটি টিমকে। তারা যখন সেটি ডাউন করার জন্য সার্ভারে ঢুকেছিল, ঠিক সে সময় যারা সার্ভারে হিট করেছে, তারা ইউজার হিসেবে ঢোকার কথা থাকলেও অ্যাডমিন প্যানেল দেখতে পেয়েছে।’ তিনি আরও বলেন, সাধারণভাবে কেউ সাইটে ঢুকলে ইউজার ইন্টারফেস দেখার কথা। কিন্তু ওই সময় লগইন করা ব্যক্তিরা কয়েক মুহূর্তের জন্য অ্যাডমিন ইন্টারফেস দেখতে পেয়েছে। সেখানে আবেদনকারীর নাম, এনআইডি নম্বর এবং ডান পাশে প্রুভ বা ক্যান্সেল করার বাটনগুলো দেখা গেছে।

রুহুল আমিন মল্লিক জানান, এটি কয়েক মুহূর্তের একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে হয়েছে এবং দ্রুতই বিষয়টি বন্ধ করে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত