হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় শাহজাদপুরে আসিফ মাহমুদ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৯ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করে এদিন গণভোটে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানান। 

রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় শাহজাদপুর বিসিক বাসষ্ট্যান্ডে হ্যাঁ ভোটের প্রচারণা করার সময় প্রধান অতিথি হিসাবে তিনি একথা বলেন। 

এ সময় তিনি আধিপত্যবাদী ভারতকে উদ্দেশ্য করে বলেন, ফেলানীর মতো কিশোরীকে গুলি করে মেরে ভারতীয় সীমান্তের কাটা তারের বেড়ায় ঝুলিয়ে রেখেছিল এটা আমরা আর কখনোই দেখতে চাই না। 

আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া আরও বলেন, ১২ই ফেব্রুয়ারি হ্যাঁ ভোটের পক্ষে আপনাদের মূল্যবান মতামত না দিলে পুনরায় দেশে ফ্যাসিবাদী সরকার ফিরে আসবে। তিনি স্বৈরাচারের সংগে মিশে থাকা গুপ্ত চক্র থেকে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান। গণতন্ত্র উত্তরণের জন্য তিনি এ সময় ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। 

তিনি বলেন, বিগত সময়ে মারামারি, হানাহানি, কেন্দ্র দখলের মাধ্যমে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। এটি রুখতে মানুষ ১১ দলের দিকে তাকিয়ে আছেন, তারা আর তাদের ভোটাধিকার হরণ দেখতে চান না। এদিন তিনি বলেন, ১১ দলীয় জোটের সব নেতাকর্মী মিলে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন মানুষের ভোটাধিকার রক্ষা করবেন। 

তিনি একটি বৃহৎ দলের কথা উল্লেখ করে বলেন, এ দলটি শাহজাদপুরে বালু লুটসহ নানা ধরনের চাঁদাবাজিতে লিপ্ত রয়েছেন। তিনি তাদের প্রতি সতর্ক থাকার জন্যেও সবাইকে আহ্বান করেন। এদিন বিসিক বাসষ্ট্যান্ডে ১১ দলের পক্ষ থেকে হ্যাঁ ভোটের প্রচারণা চলাকালীন সময়ে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের প্রার্থী এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজকে তিনি পরিচয় করিয়ে দেন ও শাপলা কলি প্রতীক তার হাতে তুলে দেন। এ সময় সাইফ মুস্তাফিজও শাপলা কলিতে ১২ ফেব্রুয়ারি জনগণকে ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। 

এ সময় ১১ দলীয় জোটের উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমানসহ ১১ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত