জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে রাবি ছাত্রদলের প্রতিবাদ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৪ পিএম

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে  নারীবিদ্বেষী পোস্টের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে শাখা ছাত্রদল।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরের পেছনে ছাত্রদলের দলীয় টেন্টে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, যারা অতীতে ১৯৭১ সালে নারীদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা ধর্ষণ করাতো, তারা আজ নারীদেরকে পতিতা-বেশ্যা বলে অ্যাখ্যায়িত করেছে। আপনি নারীদেরকে সম্মান দিতে জানেন না, দেশের জনগণ ও নারীসমাজ আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের ব্যালটের মাধ্যমে আপনাদেরকে এ দেশ থেকে আওয়ামী সরকারের মতোই বিতাড়িত করবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, জামায়াতের ভণ্ড নেতাকর্মীরা ফেসবুকে গুজব ছড়াচ্ছে। সাংবাদিক ভাই-বোনদের একটি তথ্য দিতে চাই। এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে রিকভার করতে সময় লাগে ১ থেকে ৩ কার্যদিবস আর ইমেইল আইডি হ্যাক হলে রিকভার করতে সময় লাগে এক সপ্তাহের বেশি। এটা এক্স টুইটারের প্রাইভেসি পলিসি। তাহলে কী আমির সাহেব দোয়া-দুরুদ পড়ে কয়েক ঘণ্টার মধ্যে আইডি রিকভার করে ফেললেন নাকি ঠ্যালায় পড়ে মিছা কথা কইতাছেন? ’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ভাষার মাস চলছে। যে ভাষার জন্য বাংলাদেশের মানুষেরা নিজের জীবন উৎসর্গ করেছিল, আজকে এই ভাষার মাসে মুনাফিক ডা. শফিকুর রহমান নারীদেরকে কী ভাষায় কথা বললো, তা বুঝতে পারিনি। কী ভাষায় উত্তর দিলে এই মুনাফিকরা বাংলাদেশের নারীদেরকে সম্মান করা শুরু করবে, আমরা এই ভাষার মাসে ভাষা খুঁজে পাচ্ছি না। এই জামায়াতের ভণ্ডরা ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। তারা অনলাইন প্লাটফর্মে শিবিরের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে আমাদের নারী-বোনদের হেনস্তা করে যাচ্ছে।

শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, বিজয়-২৪ হলের সভাপতি গাজী ফেরদৌস, ছাত্র অধিকার পরিষদ-মনোনীত রাকসুর জিএস প্রার্থী ও উর্দু বিভাগের শিক্ষার্থী আফরিন জাহান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত