আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪১ পিএম

সাভারের আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের কয়েক জন আহত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকার হাসান কলোনী মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে একজনের নাম জানা যায়। তিনি যুবদল কর্মী বুলেট।

স্থানীয়রা জানান, দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকায় হাসান কলোনী মহল্লায় বুলেট ও কিবরিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিএনপির নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের কয়েক জন আহত হয়েছে। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত বুলেট জানান, কিবরিয়ার লোকজন আমার ওপর হামলা করেছে। তারা মূলত আওয়ামী লীগ ও যুবলীগের লোকজন বলে জানান তিনি।

ঢাকা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মন্ডল বলেন, ঘটনাটি মূলত বুলেট ও কিবরিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুলেট একটি দোকানে নির্বাচনী ক্যাম্প করেছিল। মূলত তারা দুজনই আশুলিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক গফুর ভাইয়ের লোক বলে জানান তিনি।

তবে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর গফুর বলেন, বুলেট ও কিবরিয়া দুই জনই আমাদের দলের (বিএনপির) লোক। এ বিষয়ে কোনো রিপোর্ট করার দরকার নাই বলে জানান তিনি।

এঘটনায় আশুলিয়া থানার (ওসি তদন্ত) আজগর হোসেন জানান, ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে আহতের খবর পাওয়া গেছে। তবে ঘটনার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে পাওয়া যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত