ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি কোনও দলের বা কোনও বিশেষ গোষ্ঠীর এমপি হবেন না বলে ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, সকল দল-মতের মানুষ ও সকল ধর্মের মানুষ তার কাছে সমান এবং নিরাপদ থাকবে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার উচালিয়াপাড়া এলাকায় এক পথসভায় এসব কথা বলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের যে প্রাপ্য সুবিধা রয়েছে এবং সরকারি বরাদ্দ—তা তিনি সকলের জন্য সমানভাবে বণ্টন করবেন। তিনি স্পষ্ট করে বলেন, এমপি নির্বাচিত হলে তার কোনও ‘খাওয়া পার্টি’ থাকবে না। বরাদ্দের ৫০ শতাংশ এমপি আর ২৫ শতাংশ খাওয়া পার্টির পকেটে যাওয়ার যে সংস্কৃতি দেশে চালু আছে, তার ক্ষেত্রে এসব চলবে না।
নিজের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, তার চিকিৎসা বিদেশে নয়, এলাকার সরকারি হাসপাতালেই হবে। আমি যদি সরকারি হাসপাতালে চিকিৎসা করি, তাহলে আপনারা দেখবেন—ডাক্তারও থাকবে, যন্ত্রপাতিও কাজ করবে। সারাজীবন ধরে মানুষ দেখে আসছে মন্ত্রী ও এমপিদের চিকিৎসা হয় সিঙ্গাপুর ও ব্যাংককে, কিন্তু তিনি এমপি হলে সরাইল ও আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা নেবেন বলে জানান।
রাজনৈতিক অধিকার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বাংলাদেশে যে কোনও দলের রাজনীতি করা নাগরিকদের মৌলিক অধিকার। সুতরাং কোনও বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার কারণে কাউকে জুলুম বা নির্যাতনের শিকার হতে দেওয়া হবে না। কারও নামে মিথ্যা মামলা দেওয়া হবে না বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, যদি কোনও ব্যক্তি বিনা অপরাধে কারাগারে থাকেন এবং তার পরিবার তার সঙ্গে যোগাযোগ করে, তাহলে সেই ব্যক্তির জামিনের ব্যবস্থা করার দায়িত্ব তিনি নেবেন।
