ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ১ হাজার ৭৭৪ জনকে আটক করা হয়েছে। এ সময় ১৭৯টি বিভিন্ন ধরনের অস্ত্র ও ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। গতকাল রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অর্থাৎ ১১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৭৯টি অস্ত্র ও ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময়ে আটক করা হয়েছে ১ হাজার ৭৭৪ জনকে।
এদিকে, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ শুরুর পর থেকে গত শনিবার পর্যন্ত সারা দেশে ২৩ হাজার ৮৫৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সময়ে উদ্ধার করা হয়েছে ৫৭২টি আগ্নেয়াস্ত্র। গত শনিবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তল্লাশিকালে ৮ হাজার ৫৭৪ রাউন্ড গুলি, ১ হাজার ১৯০ রাউন্ড কার্তুজ, ২৪৮টি ককটেল ও ২০টি বোমা উদ্ধার করা হয়েছে। এর আগে গত ১৩ ডিসেম্বর থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২ শুরু হয়।
গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা) অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর মধ্যে গুলশান থানা একজন, সূত্রাপুর থানা চারজন, মোহাম্মদপুর থানা একজন, খিলগাঁও থানা তিনজন, পল্টন থানা পাঁচজন, কলাবাগান থানা একজন, যাত্রাবাড়ী সাতজন, কদমতলী থানা তিনজন ও হাতিরঝিল থানা একজনকে গ্রেপ্তার করেছে।
