জামায়াত আমির

যুবকদের হাতে বেকার ভাতা নয়, দিতে হবে মর্যাদার কাজ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাই দালালমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। যুবকদের হাতে বেকার ভাতা নয়, দিতে হবে মর্যাদার কাজ। যে দেশকে ফ্যাসিস্টমুক্ত করতে আবু সাইদ মৃত্যুকে হাসি মুখে বরণ করেছিলেন, সেই আবু সাইদের লাশের সাথে জামায়াত কোনোদিন বেইমানি করবে না। কারণ ২৪ হয়েছিল বলেই ২৬ শে মুক্ত রাজনীতির স্বাদ পাচ্ছি।

আজ সোমবার বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় ঐক্যজোটের মহা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল আলম চৌধুরী। সভায় ১১ দলীয় জোটের পক্ষে এলডিপি, খেলাফত মজলিশ, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এল ডি পি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেন, আমরা বিএনপি প্রতিষ্ঠা করেছিলাম জিয়াউর রহমানকে নিয়ে। সেই বিএনপি ছেড়ে দিয়েছি। কারণ বিএনপি এখন চাঁদাবাজদের বিএনপি হয়ে গেছে। তাই দেশকে সঠিক পথে আনতে হলে ১১ দলীয় জোটকে ভোট দিন।

এ ছাড়া জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারিনি। আগামী নির্বাচনে জামায়াত বিজয়ী হলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত হবে।

সভা শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ১১ দলীয় জোটের বিভিন্ন দলের প্রার্থীর হাতে দলীয় প্রতীক তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন জেলার জামায়াত নেতৃবৃন্দসহ এলডিপি, খেলাফত মজলিশ, এনসিপির নেতারা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত