কুমিল্লার নাঙ্গলকোটে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান জালাল আহমেদ ভূইয়া। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হেসাখাল ইউপির হেসাখাল গ্রামে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার বাঁ হাতে হাতকড়া পরা অবস্থায় ডান হাতে মায়ের খাটিয়া নিয়ে কবরে যেতে দেখা যায় তাকে।
কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে স্ত্রী আবেদনের প্রেক্ষিতে কুমিল্লা কারাগার থেকে দুপুরে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় কয়েদি জালাল আহমেদ ভূইয়াকে। মায়ের জানাজা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, প্যারোলে মুক্তি পাওয়া জালাল আহমেদ ভূইয়া হেসাখাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সদস্য। চলতি বছরের গত বছরের ২০ জানুয়ারি তাকে নাঙ্গলকোট থানার দুটি মামলায় গ্রেপ্তার করা হয়। এর পর থেকে ১২ দিন ধরে কারাগারে আছেন তিনি।
গতকাল রবিবার রাত ৯টা ৩০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তার মা মারা যান। কারাগারে থাকা অবস্থায়ই মায়ের মৃত্যুর খবর পান জালাল আহমেদ। বাদ যোহর নামাজ শেষে কড়া পুলিশ পাহাড়ায় তিনি জানাজায় অংশ নেন।
জানাজা শেষে বাঁ হাতে হাতকড়া পরা অবস্থায় ডান হাতে মায়ের খাটিয়া কাঁধে নিয়ে ছেলেকে যেতে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এলাকাবাসী। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, আইন তার নিজস্ব পথে চলে। কিন্তু মায়ের জানাজায় ছেলের এমন উপস্থিতি আমাদের সবাইকে নাড়া দিয়েছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের মুঠো ফোনে একাধিকবার করেও কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
