দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ঢাকা-১১ আসনে ড. এম এ কাইয়ুমের নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট করেছেন একই আসনের ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম। রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়।
নাহিদ ইসলামের পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী রিটটি দায়ের করেন। রিট করার পর আইনজীবী জহিরুল ইসলাম মূসা বলেন, বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম ভানুয়াতু নামে একটি দেশের নাগরিক। হলফনামায় তিনি এ তথ্য গোপন করেছেন। যেটা পরে ডিসক্লোজ হয়েছে।
তিনি আরও বলেন, নাহিদ ইসলাম সে বিষয়টি নিয়ে রিট করেছেন। সংবিধান অনুযায়ী যারা দ্বৈত নাগরিক, তারা সংসদ সদস্য নির্বাচন করার অনুপযুক্ত। এ বিষয়টি এবং হলফনামায় যে তথ্য গোপন করেছেন, এ দুটি বিষয় সামনে রেখে রিট করেছেন। যেটি শিগগিরই উপযুক্ত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে। তার প্রার্থিতা স্থগিত চেয়েছি। আশা করছি আগামীকাল (মঙ্গলবার) শুনানি হতে পারে।
