টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে পাকিস্তান। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে জানাবে না পিসিবি। দেশটির সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আজ মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে টেলিকম এশিয়া স্পোর্টস।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সরকার মনে করছে, যেহেতু এটি সরকারের সিদ্ধান্ত এবং ইতোমধ্যে সরকারি প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে, তাই আইসিসিকে আলাদা করে লিখিতভাবে জানানো প্রয়োজন নেই। পাকিস্তান সরকার বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিলেও ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না বলে স্পষ্ট করে দিয়েছে। অতীতেও পাকিস্তানে সফর না করতে ভারতের সিদ্ধান্তও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে লিখিতভাবে জানানো হয়নি।
পাকিস্তানের সিদ্ধান্তে ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে। সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি তারা আইনি পদক্ষেপও নিতে পারে। এ্ছাড়া আইসিসি বড় ধরনের জরিমানা করতে পারে পাকিস্তানকে। আইসিসি জানিয়েছে, নির্দিষ্ট ম্যাচ বর্জনের মতো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় এবং এর গুরুতর পরিণতি হতে পারে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সতর্ক করেছে।
টেলিকম এশিয়া স্পোর্টস বলছে, পাকিস্তান সরকার সম্ভাব্য শাস্তির বিষয়গুলো নিয়ে আইনি পরামর্শ গ্রহণের পদক্ষেপ নিয়েছে। সেইসঙ্গে সরকারের পক্ষ থেকে ক্রিকেট বোর্ডকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে বৈঠক করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে পাকিস্তান দল সোমবার কলম্বোর উদ্দেশ্যে রওনা হয়ে রাতে সেখানে পৌঁছেছে।
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া কামিন্স ফিরতে চান আইপিএল দিয়ে
নতুন চুক্তি প্রত্যাখ্যান করে আল হিলালে যোগ দিলেন বেনজেমা