পাকিস্তান দুর্বল দল; তারা বিশ্বকাপে না খেললে বড় কিছু হবে না: মাঞ্জরেকার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার মনে করছেন, বিশ্বকাপে দুই দলের গ্রুপ ম্যাচটি না হলেও সেটি কোনো বড় ঘটনা নয়। কারণ, দীর্ঘদিন ধরেই দুই দলের মাঠের লড়াই একপেশে হওয়ায় সেই উত্তেজনা আর নেই।

আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচটি। তবে পাকিস্তান সরকার ম্যাচটি বর্জনের সিদ্ধান্ত নেওয়ায় এই বহুল আলোচিত লড়াইয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ইনস্টাগ্রামে মাঞ্জরেকার বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ যদি না-ও হয়, তাতে বড় কিছু হবে না। সত্যি বলতে, অনেক দিন ধরেই দুই দলের মাঠের খেলা আমাদের তৈরি করা উত্তেজনা ও নাটকীয়তার সঙ্গে মিলছে না।’

মাঞ্জরেকার আরও দাবি করেন, দুই দলের শক্তির ব্যবধান এখন অনেক বেড়েছে। দুই দেশের ক্রিকেট কাঠামোর পার্থক্য এখন আকাশ-পাতাল। তার ভাষায়, ‘ভারত ও পাকিস্তান এখন আর একই স্তরের দল নয়। এখন ভারত পাকিস্তানকে হারালে মনে হয়, কোনো দুর্বল দলকে হারিয়েছে। আগে পাকিস্তানকে হারালে সত্যিই ভালো লাগত। দুই দেশের ক্রিকেট ব্যবস্থার মধ্যে পার্থক্য পৃথিবী আর আকাশের মতো।’

তাহলে প্রশ্ন উঠতেই পারে, ভারতের এখন বড় প্রতিদ্বন্দ্বী কারা? জনপ্রিয় এই ধারাভাষ্যকারের মতে, বর্তমানে ভারতের জন্য সত্যিকারের কঠিন প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো। তিনি বলেন, ‘ভারতের মান যাচাই হয় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে ম্যাচে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের সঙ্গী ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই শ্রীলঙ্কা পৌঁছে গেছে পাকিস্তান দল। মাঞ্জরেকার মনে করেন, ভারত-পাকিস্তান ম্যাচ না হলেও টুর্নামেন্টের গুরুত্ব কমবে না, ‘এই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হলেও বড় কিছু হবে না। এটা কোনো বড় ঘটনা নয় এবং এতে টুর্নামেন্টের মূল্য কমবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত