নেত্রকোনায় শিশু হত্যার দায়ে কিশোরী ১০ বছরের আটকাদেশ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম

নেত্রকোনার কলমাকন্দা উপজেলার কনুড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে ছয় বছর বয়সী শিশু সাইফ খান সালমান হত্যা মামলায় প্রতিবেশী তানিয়া আক্তারকে ১০ বছরের আটকাদেশ এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে নেত্রকোনার শিশু আদালত।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে পলাতক আসামীর অনুপস্থিতিতে আদালতের বিচারক জেলা ও দায়রা জজ ড. এ কে এম এমদাদুল হক রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের নিয়োজিত আইনজীবী নুরুল কবীর রুবেল জানিয়েছেন, তানিয়া তার বান্ধবী সুমাইয়ার সঙ্গে ঝগড়ার পরে সুমাইয়ার বাবা তাকে চড় দেন। প্রতিশোধ হিসেবে তানিয়া সুমাইয়ার ছোটভাই সালমানকে (৬) নৌকায় চড়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পিছনে লিলুয়ার বিলে ফেলে দেয়। ২০২১ সালের ২৫ আগস্ট শিশুটি নিখোঁজ হলে পরদিন স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। ২৬ আগস্ট মাছ ধরার জালে শিশুর মরদেহ ধরা পড়ে এবং গ্রামবাসী তানিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দোষ স্বীকার করেছিলেন। পরে জামিন পেলেও তানিয়া পালিয়ে যায়। ২০২২ সালের ২৩ মার্চ পুলিশ মামলার চূড়ান্ত চার্জশিট দাখিল করলে, আদালতে মোট ১৩ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর এ রায় দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত