সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল করিম।
আজ বুধবার দুপুরে গাইবান্ধা সদর থানায় এ ডায়েরি নথিভুক্ত করা হয়।
ডায়েরি সূত্রে জানা যায়, Md. Mahmudul Kabir Mondol নামের একটি ফেসবুক আইডি থেকে একটি লিঙ্ক শেয়ারের মাধ্যমে “আব্দুল করিম জামায়াতের নির্দেশে লক্ষ্মীপুর এলাকায় ক্যাম্প তৈরি করছেন”—এমন ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে তার সামাজিক ও রাজনৈতিক সম্মানহানির চেষ্টা হিসেবে এই মিথ্যা গুজব তথ্য ছড়ানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার আমির ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল করিম বলেন, ভুয়া তথ্যটি তার প্রতি জনগণের আস্থা নষ্ট করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসত্য। এই ধরনের বিভ্রান্তিকর পোস্ট নির্বাচনী পরিবেশ নষ্ট করতে পারে এবং ব্যক্তিগতভাবে তার সুনাম ক্ষুণ্ণ করছে।
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা সাধারণ ডায়রি গ্রহণ করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
