মেয়র দাবি করে নগর ভবন তালা দিয়ে জনভোগান্তির কথা মানুষ ভুলে যায়নি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৬ পিএম

ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. আব্দুল মান্নান বিএনপি প্রার্থী ইশরাক হোসনকে ইঙ্গিত করে, শেখ হাসিনার নির্বাচন অবৈধ বলে নিজেকে বৈধ মেয়র দাবি করে ৪০ দিন নগর ভবনে তালা দিয়ে জনভোগান্তি সৃষ্টির কথা মানুষ ভুলে যায়নি, যাবে না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে 'জেন-জি’র মুখোমুখে ড. আব্দুল মান্নান' অনুষ্ঠানে এ কথা বলেন। 

পুরান ঢাকায় তালা বিক্রি বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, একটি দলের নেতারা মানুষের দোকান, বাড়ি-ঘর দখল দেওয়া শুরু করে দিয়েছে। তারা সংসদে গেলে মানুষের জান ও মালের নিরাপত্তা থাকবে না। যারা ক্ষমতায় যাওয়ার আগেই নারীদের ওপর হামলা চালায়, হিজাব খুলে নেয় তাদের হাতে দেশ ও জাতি নিরাপদ থাকতে পারে না, পারবে না। তারা ক্ষমতায় বসলে মানুষের মৌলিক স্বাধীনতা ও অধিকার কেড়ে নেবে।

তিনি আরও বলেন, ঢাকা-৬ সংসদীয় এলাকাকে যারা নিজেদের পৈত্রিক সম্পত্তি মনে করে জনগণকে প্রজা বানিয়ে রাখছে তাদের বয়কট করতে হবে। জনগণের মালিকানা প্রতিষ্ঠায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে গণভোটে “হ্যাঁ’ ভোট এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহন করতে ঢাকা-৬ আসনের জনসাধারণের প্রতি আহ্বান জানান।

ড. মান্নান বলেন, আমরা মনে করেছি  তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে থেকে কয়েকটা সার্টিফিকেট অর্জন করেছেন। কিন্তু দেখা গেল আপনি নির্বাচন কমিশনে হলফনামায় আপনি ইন্টারমিডিয়েটের সার্টিফিকের শো করেছেন! ১৭ বছর লন্ডনে কী করলেন?- বাংলাদেশে হাওয়া ভবন করে যা করেছেন লন্ডনেও তাই করেছেন। আপনি বলেছেন, ‘‘আই হেভ এ প্ল্যান’’ সেই প্ল্যান কী হ্যাক করার প্ল্যান! ভোট কারচুপির প্ল্যান! মনে রাখবেন, তরুণ প্রজন্ম জীবন দেবে কিন্তু কাউকে ভোট কারচুপি করতে দেবে না। তরুণ প্রজন্ম জুলাই আন্দোলনে জীবন দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করার কারণেই আপনি দেশে আসার সুযোগ পেয়েছেন। নতুবা আপনাকে সারাজীবন লন্ডনেই থাকতে হতো। যাদের রক্তের বিনিময়ে দেশে আসতে পারছেন তাদের রক্তের সঙ্গে বেঈমানি করলে তাদের উত্তরসূরি তরুণ প্রজন্ম (জেন-জি) আপনাকেও ছাড় দেবে না।

‘হ্যাঁ-এর পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে অংশীদার হতে না পারলে আবারও লন্ডন চলে যেতে হতে পারে। তিনি সকলকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি ও ঢাকা-৬ আসন কমিটির পরিচালক কামরুল আহসান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। আরও উপস্থিত ছিলেন জকসু এজিএস মাসুদ রানা এবং ছাত্রসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া ঢাকা-৬ সংসদীয় এলাকার সকল সাংগঠনিক থানা আমীর-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ড. মান্নান তরুণদের সাথে নিয়ে তারুণ্যের মিছিলে অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত