ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র শবেবরাত পালিত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ এএম

মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল, রাত জেগে ইবাদত-বন্দেগি আর ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার রাতে সারা দেশে পালিত হয়েছে পবিত্র শবেবরাত। প্রতি বছর হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ রাতটি ‘শবেবরাত’ হিসেবে পালিত হয়।

শবেবরাত মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার সৌভাগ্যের রজনী। এটি মুসলমানদের গুনাহ মাফের রজনীও বলা হয়। এদিন রাতে বাংলাদেশসহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেছেন। সৌভাগ্যের এ রজনীতে রাজধানী ঢাকাসহ সারা দেশে নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ সর্বস্তরের মুসলমানরা মহান সৃষ্টিকর্তা আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন। কেউ কেউ ইবাদতে মশগুল থেকেছেন ফজরের নামাজ পর্যন্ত। এ উপলক্ষে অনেকে নফল রোজাও রেখেছেন। মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তিও সমৃদ্ধি কামনা করে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশের মুসলমানরাও বিশেষ মোনাজাত ও দোয়ায় শামিল ছিলেন।

এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে মসজিদে ইবাদত, জিকির-আসকার, কোরআন তেলাওয়াত এবং নফল নামাজ আদায় করেন। একই সঙ্গে একে অন্যের কল্যাণ ও মৃত পরিজনদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত