ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডুতে নিখোঁজের ১৩ ঘণ্টা পর জসিম উদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টেংরাখালি গ্রামের মাঠের একটি ভুট্টাক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জসিম পার্শ্ববর্তী দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বুধবার সকাল ১০টার দিকে মাঠ থেকে ঘাস কাটার জন্য বাড়ি থেকে বের হন জসিম। বিকেলে তিনি বাড়িতে না ফিরলে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে টেংরাখালির মাঠের নির্জন এক ভুট্টাক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী।
স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমান জানান, জসিমের গলায় লোহার তার লাগানো ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে পেটানোর গুরুতর জখম রয়েছে। তাকে নৃশংসভাবে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, ওই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
কারাবাও কাপ ফাইনালে নিয়ম পরিবর্তনের দাবি গার্দিওলার
৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের ৩ জেলায় যাবেন তারেক রহমান