মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ এএম

মাদারীপুরের কালকিনি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমণি গ্রামে কালকিনি আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ঝটিকা অভিযানে মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- সূর্যমণি গ্রামের মৃত জাহাঙ্গীর সরদারের স্ত্রী মোসাম্মৎ নাজমা (৫৫), রায়পুর গ্রামের নজরুল বেপারীর ছেলে মো. ইউসুফ (১৮) এবং সূর্যমণি গ্রামের সোহেল ঢালির ছেলে হাসান ঢালি (২৮)।

যৌথবাহিনী সূত্র জানায়, আটককৃতদের কাছ থেকে ৬৭ ইয়াবা, ১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে বলে জানিয়েছে যৌথবাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত