আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মতবিনিময় সভা করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অস্থায়ী বিজিবি ক্যাম্পে এই মত বিনিময় সভা হয়।
এ সময় বিজিবির রিজিওন কমান্ডার, পঞ্চগড়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ জেলা নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আনসারের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক দায়িত্ব বণ্টন এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনাবিষয়ে সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সভায় বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। ভোটারগণ যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।
