ট্রাম্পের নতুন ওয়েবসাইট 'ট্রাম্পআরএক্স'

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ এএম

মার্কিন নাগরিকদের স্বল্পমূল্যে ওষুধ কেনার জন্য ট্রাম্প চালু করেছেন তার নতুন ওয়েবসাইট 'ট্রাম্পআরএক্স'। বৃহস্পতিবার (৫ ফেব্রিয়ারি) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের নামানুসারে তৈরি এই ওষুধ বিক্রির প্ল্যাটফর্মটির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর বড় বড় ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলোর সঙ্গে তিনি ব্যাপক আলোচনা করেছেন এবং এর ফলেই বহু গুরুত্বপূর্ণ ওষুধের দামে উল্লেখযোগ্য ছাড় নিশ্চিত করা সম্ভব হয়েছে। এটি ছিল তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটি। 
 
ট্রাম্প বলেন, এই উদ্যোগ সরাসরি লাখো মার্কিন নাগরিকের জীবনে প্রভাব ফেলবে এবং তাদের স্বাস্থ্য ব্যয় কমাতে বড় ভূমিকা রাখবে। তিনি বলেন, 'আজ রাতে আমরা স্বাস্থ্যখাতে ইতিহাসের অন্যতম রূপান্তরমূলক উদ্যোগ চালু করছি। এটি একটি বিশাল পদক্ষেপ।'

এরপর মার্কিন মেডিকেয়ার ও মেডিকেইড সার্ভিসেসের পরিচালক ড. মেহমেত ওজ বক্তব্য রাখেন। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায় একটি বড় দল অত্যন্ত নিবিড়ভাবে কাজ করেছে এবং এই সরাসরি ওষুধ বিক্রির ব্যবস্থা লাখো মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি করবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, ওষুধের দাম কমাতে দেশের ১৭টি বৃহৎ ওষুধ কোম্পানির মধ্যে ১৪টির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তার প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত