জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী-২ (পলাশ) আসনের ১১ দলীয় জোট প্রার্থী সারোয়ার তুষার বলেছেন, ফ্যামিলি কার্ড নয়, চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন।
তিনি বলেন, জনগণকে ফ্যামিলি কার্ডের লোভ দেখানো হচ্ছে। আমাদের ফ্যামিলি কার্ডের দরকার নেই, আপনাদের দলের চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন। আপনার দলের চাঁদাবাজদের যেনো কার্ড দেখিয়ে নিস্তার পায় সেই ব্যবস্থা করেন। ৫০ কার্ডের দরকার নেই জনগণ এক কার্ড দিয়েই সকল সুবিধা পাবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) সন্ধ্যায় নরসিংদীর পলাশের চরসিন্দুর বাজারে নির্বাচনী সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক এসব কথা বলেন।
তুষার বলেন, সারাদেশে একটি বিশেষ পক্ষ হাসিনা স্টাইলে নির্বাচন করার জন্য এখনও দিবা স্বপ্ন দেখছে। যদি হাসিনা স্টাইলে নির্বাচন করার চেষ্টা করেন তাহলে আবার আরেকটা জুলাই নেমে আসবে। জনগণের ভোটাধিকারের ওপর সকলকে আস্থা রাখতে হবে। পলাশের উন্নয়ন, চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাস মুক্ত করার জন্য তিনি শাপলা কলিতে ভোট দেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশের প্রশ্নে ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, পলাশে পিএস পলিটিক্স চলবে না। আমরা আগামী নির্বাচনে এমপি নির্বাচন করতে চাই, এমপি নির্বাচনের নামে কোন পিএসকে চাই না। আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের মার্কা শাপলা কলিকে বিজয়ের মাধ্যমে এই পিএস সিস্টেমের কবর রচনা হবে পলাশে।
তুষার বলেন, একমাত্র সন্ত্রাসী মাদকসেবী চাঁদাবাজ ছাড়া আমাদের কোনো শত্রু নেই। আপনি কোন দল করেছেন, এখন কোন দল করছেন কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। সবাই আমাদের কাছে নিরাপদ। যারা সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে যুক্ত তারা আমাদের কাছে নিরাপদ নয়।
এসময় তার সঙ্গে নরসিংদী এনসিপির সদস্য সচিব আওলাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, খেলাফত মজলিশের পলাশ উপজেলার সভাপতি মুফতি ফারুক ভূঁইয়া, ছাত্র শক্তির আহ্বায়ক ফাহিম ভূঁইয়া রাজ সহ ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।
