এবিএম মোশাররফ হোসেন

দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে ভোট দিন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-(কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি গণমানুষের দল। মানুষের মন জয় করেই বিএনপি রাজনীতি করে। মানুষ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।

জনগণের আস্থার কারণেই মানুষ সবসময় বিএনপির পাশে দাঁড়ায়। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে ভোট দিতে হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য কৃষক কার্ড এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। একই সঙ্গে কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে মহিপুর থানার চরচাপলী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ধূলাসার ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মাসিক ভাতা চালু করা হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রতিটি স্কুল ও কলেজে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এতে একদিকে যুবসমাজ সুস্থ ধারায় ফিরবে, অন্যদিকে বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাব্বির আহমেদ, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান মনির, মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক শাহজাহান পারভেজ প্রমুখ।

ধূলাসার ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ মন্নান হাওলাদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহজাদার সঞ্চালনায় বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত