ফাইনালের আগেই বাদ ইমরানুর

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫ এএম

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সাবেক দ্রুততম মানব বাংলাদেশের ইমরানুর রহমান এবার ফাইনালের আগেই ছিটকে গেছেন। ৬০ মিটার স্প্রিন্টে অল্পের জন্য পারেননি সেমিফাইনালের বাধা পেরুতে। হিটে দ্বিতীয় হয়ে জায়গা করে নিয়েছিলেন সেমিফাইনালে। তবে সেমিফাইনালে ৮ জনের মধ্যে তৃতীয় হওয়ায় পাননি ফাইনালের টিকিট। শুক্রবার চীনের তিয়ানজিনে তাই হতাশা সঙ্গী হয়েছে বাংলাদেশের দ্রুততম মানবের।

প্রথম সেমিফাইনালে ৬.৭৫ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন ইমরানুর। হিটে অবশ্য আরও কম সময় নিয়েছিলেন ইমরানুর। ৬.৭৩ সেকেন্ডে স্প্রিন্ট শেষ করেছিলেন। ফাইনালে সেরা ৯ অ্যাথলেটের মধ্যে শেষ জনের টাইমিং ছিল ৬.৭৪ সেকেন্ড। ২০২৩ সালে কাজাখস্তানে সোনা জিতে ইতিহাস গড়া ইমরানুরের জন্য ফাইনালের আগে বাদ পড়াটা ভীষণ হতাশার, ‘দুঃখজনকভাবে আমি পারিনি (ফাইনালে উঠতে), এর জন্য ক্ষমাপ্রার্থী। প্রায় দুই বছর আন্তর্জাতিক প্রতিযোগিতায় না খেলার পরও এই পরিস্থিতি থেকে ইতিবাচক দিকটাই নিতে চাই যে এবার অন্তত কোনো চোট পাইনি। সামনের ইভেন্টগুলোর জন্য নিজেকে গড়ে তোলার সুযোগ আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত