দিনাজপুর

কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্রের মৃত্যু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৩ বছর। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের চিকিৎসকধীর অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সকাল ৯টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে পুলিশ জেলা কারাগার থেকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়।

দিনাজপুর জেলা কারাগার জানায়, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও সদর থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়। সেখান থেকে ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠায়। তিনি হত্যাসহ ৩টি মামলার আসামি ছিলেন। শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও সদরের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন রমেশ চন্দ্র সেন। তার বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন ও মাতা বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়া লেখা করেন। তিনি পাঁচবারের এমপি ছিলেন। সর্বশেষ ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত