বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, একটি দল হতাশাগ্রস্ত হয়ে আবোল-তাবোল কথা বলছে। হতাশাগ্রস্ত হয়ে মানুষ যা করে, তারা তা-ই করছে। কোনও সময় শুয়ে পড়ছে, কোনও সময় কী কথা বলছে—তার কোনো ঠিক নেই।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনা-৪ আসনের মদন উপজেলার দেওয়ান বাজার মাঠে এক জনসভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একজন মুরুব্বি মানুষ হতাশায় পড়ে এখন যা খুশি তা করছেন। নারীদের নিয়ে যা খুশি তা বলছেন। আমি মনে করি, হতাশাগ্রস্ত হয়েই তিনি এগুলো করছেন। তিনি নিজের স্থিরতা হারিয়ে ফেলেছেন। যাই হোক, তিনি মুরুব্বি মানুষ; উনার উচিত মুরুব্বিয়ানা বজায় রাখা।
বাবর আরো বলেন, কে সরকার গঠন করবে আর কে করবে না, তা নির্বাচনের পরে অর্থাৎ ১২ তারিখের পরেই জানা যাবে। অ্যাডভান্স (অগ্রিম) কোনো কিছু আমরা বলতে চাই না। অ্যাডভান্স কোনো কিছু তো আমরা বলিও নাই। যদি ওনারা জিতেন, জিতবেন। সেটা তো মানুষের ভোটেই জয়ী হতে হবে, তাই না? আমরাও দেখব। ১২ তারিখের পরে ওনাদের বলবেন—দেখা হবে।
একটি দল ধর্মকে সর্বোচ্চ ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে—এ বিষয়ে বাবর বলেন, উনারা যা করছেন, জনগণ তার বিচার করবে। জনগণ সবকিছু দেখছে, শুনছে এবং জানে। উনার মতো একজন মুরুব্বির কাছ থেকে জনগণ এমনটা আশা করে না।
এর আগে দুপুর থেকে দেওয়ান বাজার মাঠে দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা। স্লোগান আর নেতাদের জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। এ সময় বাবর নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী ১২ তারিখ ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। আমরা সর্বোচ্চ ভোট দিয়ে তা দেখিয়ে দেব। তাই এখন থেকে আপনারা কাজ শুরু করুন; পাড়া-মহল্লাসহ সব স্থানে যান।
