ময়মনসিংহ–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থনে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে মহিলা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এর আগে শহরের ধান মহালে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সমাবেশে বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, নারী সমাজ জেগে উঠলে দেশ বদলে যায়, অর্থনীতির চাকা দ্রুত ঘুরবে। আজকের এই বিশাল মহিলা সমাবেশ ও মিছিল প্রমাণ করে—হালুয়াঘাট–ধোবাউড়ার নারীরা আর নীরব নয়, তারা আলোকিত হলুয়াঘাট গড়ার অগ্রভাগে রয়েছে।
তিনি বলেন, বিগত আমলে নারীরা সবচেয়ে বেশি অবহেলা, বঞ্চনা ও প্রতারণার শিকার হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সংসারের চাপ, সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় নারী সমাজ আজ দিশেহারা। বিএনপি ক্ষমতায় এলে নারীর নিরাপত্তা, মর্যাদা ও অর্থনৈতিক ক্ষমতায়ন, সন্তানকে সুশিক্ষিত, কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে নারী হবে উন্নয়নের সমান অংশীদার। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় নারীদের জন্য বিশেষ ও কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
হালুয়াঘাট–ধোবাউড়ার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, এই অঞ্চলের নারীরা যুগের পর যুগ অবহেলিত থেকেছে। মেয়েদের শিক্ষা, চিকিৎসা, নিরাপদ চলাচল ও সম্মানজনক জীবনের নিশ্চয়তা দেওয়া আমার অঙ্গীকার। জনগণের ভোটে নির্বাচিত হলে সংসদে আমি এই এলাকার নারী সমাজের দাবি জোরালোভাবে তুলে ধরবো।
তিনি বলেন, ধানের শীষ প্রতীকে ভোট মানে নারীর অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ রক্ষার পক্ষে ভোট। নারী সমাজের ঐক্যবদ্ধ শক্তিই আসন্ন নির্বাচনে পরিবর্তনের মূল চালিকাশক্তি হবে।
সমাবেশ শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নারী নেত্রীদের নেতৃত্বে বিশাল মহিলা মিছিলটি হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন। মিছিল ও সমাবেশকে ঘিরে পুরো পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ ছাড়া এমরান সালেহ প্রিন্স শনিবার সকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভা, হালুয়াঘাট বাজারে যুব ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। বিকেলে তিনি ভুবনকুড়া ইউনিয়নের মাজরাকুড়া, জুগলি ইউনিয়নের ছাতুগাও, সদর ইউনিয়নের কদমতলি, পৌর শহরের খন্দক পাড়ায় সমাবেশ এবং বেতকুরী খ্রিস্টান মিশনে বার্ষিক সভা ও ভজন কুটির মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় এবং রাতে হালুয়াঘাট বাজারে ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ব্যবসায়ী সমাবেশে বক্তব্য রাখেন।
