সুনামগঞ্জের ছাতকের লক্ষীপুর বাউরে সরকারি বেতবাগান পুড়িয়ে মাটি কাটার অপরাধে উপজেলা কৃষকদলের আহ্বায়ক সাবেক মেম্বারসহ ২ জনকে ৬ মাস করে কারাদণ্ড ও আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ২ মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে ছাতকের সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেএই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত দুজন হলেন ছাতক উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও সাবেক মেম্বার মনির উদ্দিন ও এক্সেভেটর চালক কাড়ইলগাওর সাজিদ।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক স্যার ছাতক উপজেলা পরিদর্শনে আসেন। এ সময় সরকারি বেতবাগান পুড়িয়ে মাটি বিক্রি করতে দেখেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি জায়গার মাটি কাটার অপরাধে দুজনকে এই দণ্ড দেন।
