কুমিল্লার তিতাসে যৌথবাহিনী পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এসহাক মোল্লা জুয়েল নামে একব্যক্তিকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মোহনপুর ফেরিঘাট সংলগ্ন ব্রিজের পাশ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে পাঁচটি ইস্টেনগান, থানায় ব্যবহৃত চারটি লোডার বা কার্তুজ, ৩টি তাজা পিস্তলের গুলি, ৮টি গুলির খোসা ও পিস্তলের ফায়ারিং পিন, একটি করে বিদেশি পিস্তল, চাপাতি, ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, পাঁচটি দেশীয় অস্ত্র (চাকু), তিনটি লোহার পাইপ, ছয়টি পাসপোর্ট, নগদ ২০ হাজার টাকা ও একাধিক মোবাইল ফোন রয়েছে।
আটক এসহাক মোল্লা জুয়েল ওই উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নিককান্দি গ্রামের সাবেক চেয়ারম্যান আবু মোল্লার ছেলে।
যৌথবাহিনী জানায়, উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর ফেরিঘাট সংলগ্ন ব্রিজের পাশে অস্ত্রের একটি চালান হাতবদলের খবর পেয়ে শনিবার রাতে সেখানে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় অস্ত্র বহনকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায়। উদ্ধার হওয়া অস্ত্রের চালানটি মেঘনা নদীপথ হয়ে তিতাস নদীতে প্রবেশ করেছে বলে ধারণা পুলিশের।
একই রাতে দাউদকান্দি আর্মি ক্যাম্পের একটি দল তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে অভিযান চালিয়ে এসহাক মোল্লা জুয়েলকে আটক করেছেন। এ সময় অভিযানকালে দেশি-বিদেশি অস্ত্র, লোহার পাইপ, পাসপোর্ট, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, কার্যক্রম নিষিদ্ধ সাবেক যুবলীগ নেতা জুয়েল মোল্লা ২৪ এর ৫ আগস্টের পর গা ঢাকা দিয়েছিলেন। পরে স্থানীয় বিএনপিতে যোগদানের মাধ্যমে এলাকায় ডুকে বিস্তার শুরু করে। তার নামে এলাকায় অগ্নিসংযোগ, লুটপাট ও মারামারিসহ একাধিক অভিযোগ রয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন জানান, যৌথবাহিনীর অভিযানে মজিদপুর ইউনিয়নের পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার এবং ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রাম থেকে বিদেশী অস্ত্রসহ এসহাক মোল্লা জুয়েল নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আর অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।
