আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় হলে ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের বিএনপির প্রার্থী তারেক রহমান।
আজ রবিবার রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, যেহেতু এটি একটি নির্বাচনী পথসভা, তাই মানুষের চলাচলে ভোগান্তি এড়াতে বক্তব্য সংক্ষিপ্ত করব। তিনি বলেন, আমি এই এলাকারই সন্তান। শৈশব, কৈশোর ও পারিবারিক জীবনের বড় একটি সময় এই এলাকাতেই কেটেছে। আমার সন্তানদের জন্মও এই এলাকায় হয়েছে। এমনকি আমি ও আমার ভাইয়ের বিয়েও এখানেই সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে যদি ১২ তারিখে বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে শুধু ঢাকা-১৭ আসনে নয়, বরং সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে। এতে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলার সুযোগ পাবে এবং মুরুব্বি, মা-বোনেরা প্রয়োজন অনুযায়ী সময় মাঠে হাঁটাচলা করতে পারবেন।
এলাকার আরেকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে তারেক রহমান বলেন, যে সড়কটি রয়েছে, তা দীর্ঘদিন ধরেই প্রশস্তকরণের দাবি রয়েছে। বিএনপি সরকার গঠন করলে মানুষের বসবাস ও নির্বিঘ্ন চলাচলের স্বার্থে ওই সড়কের প্রসার ঘটানো হবে বলেও তিনি আশ্বাস দেন।
পথসভার শেষ পর্যায়ে তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন—সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাবেন ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য। আমি এই এলাকার সন্তান, আপনাদেরই সন্তান। ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি। তাই এই এলাকার মানুষের সেবা করার সুযোগ আমাকে দিন।
শেষে তিনি দেশবাসী ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, সুযোগ পেলে তিনি শুধু এই এলাকা নয়, সমগ্র বাংলাদেশ ও দেশের মানুষের জন্য কাজ করব।
